ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে ইন্টিগ্রিটিড সল্যুশনস কাঠামো তৈরি করেছে এনটিএমসি

১৯ অক্টোবর, ২০২১ ১৯:০৪  
প্রযুক্তিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও তদন্তকারী সংস্থা। এমন পরিস্থিতিতে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত শক্তি বাড়ানোর প্রতি গুরুত্বরোপ করেছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান। তিনি বলেছেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অপরাধীরা প্রতিনিয়ত অপরাধের ধরন ও মাধ্যম পরিবর্তন করছে। ফলে প্রযুক্তির উৎকর্ষতায় বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে তাল মেলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও তদন্তকারী সংস্থা হিমশিম খাচ্ছে। এ জন্য প্রযুক্তিগত উন্নতি যদি আমরা না ব্যবহার করতে পারি, তাহলে ক্রাইম আরও বাড়বে। ক্রাইম কন্ট্রোলের জন্য বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত শক্তি বাড়ানো প্রয়োজন। মঙ্গলবার (১৯ অক্টোবর) র‍্যাব সদরদপ্তরে ‘র‍্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রযুক্তি দুনিয়ায় তথ্য সংবরণ ও নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এনটিএমসি পরিচালক জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ও সার্বিক ব্যবহার র‍্যাবের সব ব্যাটালিয়ন ও ক্যাম্প পর্যায়ে বিস্তৃত করার লক্ষে ইতোমধ্যে এনটিএমসি একটি ইন্টিগ্রিটিড সল্যুশনস কাঠামো তৈরি করেছে, এর মাধ্যমে সব আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা ছাড়াও সরকারের বিভিন্ন সংস্থাকে তথ্য সরবরাহ করা যাবে। র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) ড. মো. মইনুর রহমান চৌধুরী ও অতিরিক্ত মহাপরিচালক (এডিজি অপারেশন্স) কর্নেল কে এম আজাদ প্রমুখ।